অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও বা ভিডিও কলে যুক্ত হওয়ার নতুন সুবিধা চালু হচ্ছে। এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে কলে অংশ নেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নতুন সুবিধাটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে প্রথমে কলের লিংক তৈরি করতে হবে। এরপর কলের ধরন নির্বাচন করে লিংকটি বার্তা, ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে। প্রাপক লিংকে প্রবেশ করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে এবং সেখান থেকেই কলে যুক্ত হওয়া যাবে।
কল চলাকালে লিংক পাঠানো ব্যক্তি চাইলে নতুন অংশগ্রহণকারী যুক্ত করতে বা কোনো অংশগ্রহণকারীকে বাদ দিতে পারবেন। প্রয়োজনে একসঙ্গে সব অংশগ্রহণকারীর জন্য কলও বন্ধ করা যাবে।
অ্যাকাউন্ট ছাড়া যুক্ত হওয়া অতিথিদের কলেও হোয়াটসঅ্যাপের প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জুম বা গুগল মিটের মতো লিংকে ক্লিক করেই কলে যুক্ত হওয়ার এ সুবিধা বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
//রুশা//
