এআই নকলের অভিযোগ প্রত্যাখ্যান চীনের
চীনা এআই প্রতিষ্ঠানগুলো মার্কিন প্রযুক্তি নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, ‘ডিস্টিলেশন’ পদ্ধতিকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের অভিযোগ দেশটির এআই শিল্পের অগ্রযাত্রা ঠেকানোর উদ্দেশ্যে করা একটি ‘ইচ্ছাকৃত আক্রমণ’।
চীনা দূতাবাসের মুখপাত্র লিউ চ্যাং বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ডিস্টিলেশন’ ইস্যুকে অতিরঞ্জিত করে চীনের এআই উন্নয়নকে আক্রমণ করছে। তিনি ওয়াশিংটনকে তথ্য ও বাস্তবতাকে সম্মান করার পাশাপাশি পক্ষপাত পরিহারের আহ্বান জানান।
লিউ চ্যাং বলেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঠেকাতে চাপ সৃষ্টি না করে যুক্তরাষ্ট্রের উচিত প্রযুক্তি ও বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা। চীনের এআই খাত নিজস্ব সক্ষমতা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর আগে মঙ্গলবার ছয়টি চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করে মার্কিন এআই মডেলের সক্ষমতা নকলের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিপসিক, মুনশট এআই ও আলিবাবা। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, অ্যানথ্রপিক, ওপেনএআই, গুগল ও স্পেসএক্সের তৈরি এআই মডেলের বিভিন্ন সংস্করণের আউটপুট ব্যবহার করে নিজেদের মডেল প্রশিক্ষিত করেছে এসব প্রতিষ্ঠান।
ডিস্টিলেশন হলো বড় একটি এআই মডেলের আউটপুট ব্যবহার করে ছোট বা কম খরচের মডেল প্রশিক্ষণের পদ্ধতি। মার্কিন কর্মকর্তাদের দাবি, চীনা প্রতিষ্ঠানগুলো শিল্প পর্যায়ে এ পদ্ধতি ব্যবহার করে উন্নয়ন ব্যয় কমানোর পাশাপাশি মার্কিন এআই প্রযুক্তির সক্ষমতা নিজেদের মডেলে কাজে লাগিয়েছে।
তবে চীন এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তথ্যসূত্র: তাস
//রুশা//
