কর্মজীবী নারীর সময় বাঁচবে যেভাবে
অফিস, সংসার, সন্তান—সব সামলে কর্মজীবী নারীদের দিনের ব্যস্ততার যেন শেষ নেই। সকালে অফিসে যাওয়ার তাড়া থাকায় সামান্য সময়ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সকালে দৌড়ঝাঁপ কমাতে আগের রাতেই কিছু কাজ গুছিয়ে রাখার অভ্যাস বেশ কাজে দিতে পারে। এতে সময় বাঁচার পাশাপাশি দিনের শুরুটাও হতে পারে গোছানোভাবে।
পরদিনের কাজের তালিকা করুন
ঘুমানোর আগে পরদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে রাখুন। বাজার করার পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় পণ্যের তালিকাটিও সঙ্গে রাখুন। এতে সকালে কী করতে হবে, তা নিয়ে বাড়তি সময় নষ্ট হবে না।
পোশাক আগে থেকেই ঠিক করুন
পরদিন অফিসে কী পরবেন, তা রাতে ঠিক করে রাখুন। পোশাকের সঙ্গে প্রয়োজনীয় ব্যাগ, জুতা বা আনুষঙ্গিক জিনিসও এক জায়গায় রাখলে সকালে খোঁজাখুঁজি করতে হবে না।
সন্তানের প্রস্তুতিও এগিয়ে রাখুন
সন্তান ছোটো হলে স্কুলের ব্যাগ, পোশাক ও টিফিনের প্রস্তুতি রাতে করে রাখা যায়। তবে এসব কাজে সন্তানকেও যুক্ত করা ভালো। এতে ধীরে ধীরে নিজের কাজ নিজে গুছিয়ে নেওয়ার অভ্যাস তৈরি হবে।
নিজের খাবার গুছিয়ে রাখুন
অফিসে খাবার নিয়ে গেলে রাতে সেটির কিছুটা প্রস্তুতি সেরে রাখা যায়। সকালের রান্নার চাপও এতে কমে।
রান্নাঘর পরিষ্কার রাখুন
রাতের খাবার শেষে রান্নাঘর গুছিয়ে রাখার অভ্যাস করুন। সকালে পরিষ্কার রান্নাঘর পেলে দিনের শুরুতেই বাসনপত্র বা ময়লা পরিষ্কারের বাড়তি ঝামেলা থাকে না।
সকালে নিজেকে আগে প্রস্তুত করুন
সকালে অন্যদের প্রস্তুত করতে হলে আগে নিজে তৈরি হয়ে নেওয়া ভালো। সাজসজ্জায় বেশি সময় না দিয়ে দ্রুত কিছু ধাপ অনুসরণ করা যায়—মুখ পরিষ্কার, সিরাম, ময়েশ্চারাইজার ও প্রয়োজন হলে সানস্ক্রিন। এরপর হালকা ব্লাশন, লিপস্টিক বা লিপগ্লস, চুল আঁচড়ে নেওয়া এবং প্রয়োজনীয় অলংকার পরলেই প্রস্তুতি শেষ।
সময়ের হিসাব রাখুন
অ্যালার্ম কয়েক মিনিট আগে সেট করে রাখলে হাতে কিছু বাড়তি সময় পাওয়া যায়। প্রতিদিন একই ধরনের কাজ নির্দিষ্ট সময়ে করার অভ্যাস তৈরি হলে ব্যস্ততার মধ্যেও সময় ব্যবস্থাপনা সহজ হয়।
/শান্ত/
