রিয়াদে কৃতী প্রবাসী শিক্ষার্থীদের সংবর্ধনা
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী প্রবাসী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আজিজ মাসুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সানসিটি পলিক্লিনিকের সিইও আব্দুল্লাহ আল মামুন ও সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি রিয়াদের সাধারণ সম্পাদক এবিএম বুলবুল আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও লক্ষ্য নির্ধারণ করে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণার। তাদের সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রবাসে থেকে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মারিয়াম খানমসহ কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই সময় রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/শান্ত/
