শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়ে দিল্লি প্রস্তুত ছিলো না: দীনেশ ত্রিবেদী
সংগৃহীত ছবি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পৌঁছানোর ঘটনার জন্য দিল্লি প্রস্তুত ছিলো না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতীয় সামরিক কিংবা বিমানবাহিনী নিয়ে যায়নি, বাংলাদেশের ওই সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে ঘটনাটি ঘটেছিলো। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি।
সম্মেলনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক সেশনে কথা বলার সময় ভারতীয় হাইকমিশনার জানান, শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমানটি যখন ভারতে অবতরণ করে, তখন দিল্লির কোনো পূর্বপ্রস্তুতি ছিলো না। টেলিভিশন সংবাদে দেখা যাচ্ছিলো তিনি অন্য দেশে যাচ্ছেন। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাস্তবতা মেনে নেওয়া ছাড়া ভারতের সামনে অন্য বিকল্প কোনো পথ ছিলো না বলে উল্লেখ করেন তিনি।
উদ্ভূত পরিস্থিতি বর্ণনা করে দীনেশ ত্রিবেদী বলেন, "আপনি যদি বলতেন, না আমরা মেনে নেবো না, আমরা অবতরণের অনুমতি দিচ্ছি না- পরিস্থিতি তখন কেমন হতো আমি জানি না। সুতরাং এটি ঐতিহাসিক কারণ।" বিশ্বের যেকোনো স্থানে নিরীহ মানুষ মারা যাওয়ার ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে এমনটা যেন কোথাও না ঘটে, সেই আশাও প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানে আইনি ব্যবস্থা অত্যন্ত সুগঠিতভাবে চলমান রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় ফেরত পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন হাইকমিশনার।
//আইই//
