পাটের দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি
পাটের ভালো ফলনের সঙ্গে এবার বাজারেও মিলছে সন্তোষজনক দাম। এতে উৎপাদন খরচ বাড়লেও লাভের মুখ দেখছেন কুড়িগ্রামের অধিকাংশ পাটচাষি। স্থানীয় বাজারে চাহিদা বাড়ায় কৃষকের বাড়ি থেকেই পাট কিনে নিচ্ছেন পাইকার ও ব্যবসায়ীরা।
জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, জমি থেকে পাট কাটা প্রায় শেষ। ভরা মৌসুমে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। বর্তমানে মানভেদে প্রতিমণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও এখন বাজার চাঙ্গা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. মেহেদী হাসান বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর সঠিক সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। এতে পাট জাগ দিতে কৃষকদের বিপাকে পড়তে হয়েছে। তবে ফলন ও দাম ভালো পাওয়ায় শেষ পর্যন্ত কৃষক লাভবান হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১৬ হাজার ৭৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। এর মধ্যে চাষ হয়েছে ১৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে।
/শান্ত/
