২০ দেশের অংশগ্রহণে অক্টোবরে ঢাকায় পর্যটন মেলা
আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্যটন মেলা। ২০টি দেশের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
দেশের পর্যটন খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এই মেলার আয়োজন করছে। টোয়াব জানিয়েছে, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হতে পারে।
আয়োজকরা বলছেন, মেলার মাধ্যমে পর্যটন খাতে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও বিভিন্ন দেশের পর্যটন খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও এফবিসিসিআই।
/ইমরান/
