দাউদকান্দিতে মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০
কক্সবাজারে বার্ষিক ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোরে মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসটিতে থাকা ৪০ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় কবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন এবং ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
//রুশা//
