ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরেকটি ট্রেন
ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
এখন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ২ জোড়া (৪টি) বিরতিহীন আন্তনগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ২ জোড়া (৪টি) আন্তনগর ট্রেন চলাচল করে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচলকারী ট্রেন চট্টগ্রাম ছাড়া মাঝপথে আর কোথাও যাত্রাবিরতি দেয় না। ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও বাসিন্দাদের দীর্ঘদিনের চাপ রয়েছে। মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করে ওই স্টেশনগুলোর যাত্রীদের কক্সবাজারে সরাসরি যাতায়াতের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।
// ইমরান//
