বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করেছে ভারত: উপহাইকমিশনার
ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে বলেছেন, বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বাণিজ্যিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন পবনকুমার বাধে। এই জন্য বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের নিয়ে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। সম্ভাবনাময় খাতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
/শান্ত/
