সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিষয়ে বাইরের ব্যক্তি বা প্রভাবশালী মহলের মাধ্যমে তদবির করাকে অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই ধরনের তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পত্রটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পত্রে বলা হয়, চাকরিসংক্রান্ত বিষয়ে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের দিয়ে কর্মকর্তাদের কাছে তদবির করানো সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর লঙ্ঘন। একই সঙ্গে এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ।
এই ধরনের তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি তার ডোসিয়ারে সংরক্ষণ করতে বলা হয়েছে।
তবে চাকরিসংক্রান্ত বিষয়ে কর্মচারীদের আবেদন করার সুযোগ রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সর্বোচ্চ এক মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
/শান্ত/
