৩ কেজির ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়
নোয়াখালীর হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি বড় ইলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চেয়ারম্যান ঘাটের এনায়েত মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বেলাল হোসেন সর্বোচ্চ দরদাতা হিসেবে ইলিশটি কিনে নেন।
জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের বাসিন্দা মো. মিলন হোসেন নয়জন মাঝি-মাল্লা নিয়ে ‘মায়ের দোয়া’ ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। টানা ছয় দিন সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটি জালে ধরা পড়ে।
শনিবার ভোরে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে ফিরলে মাছটি এনায়েত মৎস্য আড়তে তোলা হয়। বড় ইলিশটি দেখতে স্থানীয় ক্রেতা ও পাইকারদের ভিড় জমে যায়। পরে নিলামে দর হাঁকাহাঁকির পর ১০ হাজার টাকায় বিক্রি হয়।
ট্রলারের মাঝি মো. মিলন হোসেন বলেন, ছয় দিন সাগরে পরিশ্রমের পর বড় ইলিশ পাওয়ায় তারা সবাই আনন্দিত। প্রত্যাশিত দাম পাওয়ায় তাদের শ্রম সার্থক হয়েছে।
হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. শাহেদ হোসেন বলেন, ৩ কেজি বা তার বেশি ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশের বাজারে আলাদা চাহিদা থাকায় নিলামে ভালো দাম উঠেছে।
/শান্ত/
