বিদ্যুৎ-গ্যাসে ভর্তুকির ৪৫ শতাংশ শেষ ৩ মাসেই
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভর্তুকিতে সরকার ৪২ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে অর্থবছরের প্রথম তিন মাসেই প্রায় ১৯ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় ৪৫ শতাংশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) আগস্টের বিদ্যুৎ ভর্তুকি বাবদ ৪ হাজার ৯৫২ কোটি এবং সেপ্টেম্বরের এলএনজি আমদানি ভর্তুকি হিসেবে ৩ হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। একবারে ছাড় করা ৭ হাজার ৯৫২ কোটি টাকা দুই খাতে মাসিক বরাদ্দের তুলনায় প্রায় ১২৭ শতাংশ বেশি।
আগে জুলাইয়ের বিদ্যুৎ ভর্তুকি এবং জুলাই-আগস্টের এলএনজি ভর্তুকি বাবদ ১১ হাজার কোটি টাকার বেশি ছাড় করা হয়েছিলো।
মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহে ব্যাঘাতের কারণে বাংলাদেশকে ব্যয়বহুল স্পট মার্কেট থেকে বেশি এলএনজি কিনতে হচ্ছে। চলতি মাসে স্পট মার্কেটে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম প্রায় ৩০ ডলারে উঠেছে, যেখানে যুদ্ধের আগে তা ছিলো ১১ থেকে ১২ ডলারের মধ্যে।
এই পরিস্থিতিতে চলতি অর্থবছরে এলএনজি ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা এবং বিদ্যুৎ ভর্তুকি ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো আশঙ্কা করছে। গত অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছিলো ৪৩ হাজার ১০০ কোটি টাকা।
তবে পেট্রোলিয়ামজাত পণ্যে আপাতত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। এর মধ্যে ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
/শান্ত/
