প্রাথমিকে ১৪৩৮৪ শিক্ষকের যোগদান, লাগবে যেসব কাগজপত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদান ও পদায়নের রোডম্যাপ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোডম্যাপ অনুযায়ী, নির্বাচিতদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর পদায়নের আদেশ জারি করা হবে। নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণের সময়সূচি পরে জানানো হবে।
মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার নির্দেশনায় বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করতে হবে। কোনো প্রার্থীর নিয়োগপত্র জারি করা না হলে কারণ উল্লেখ করে কোটা ও মতামতসহ তালিকা ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
নিয়োগপত্র দেওয়ার আগে বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, স্বাস্থ্যগত উপযুক্ততা ও ডোপ টেস্টের প্রতিবেদন যাচাই করতে বলা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন ও এনএসআইয়ের প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকলেও নিয়োগ আদেশ জারি না করার নির্দেশনা রয়েছে।
যোগদানের সময় প্রার্থীদের শিক্ষাগত সনদ, অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র, নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদের মূল কপি দেখাতে হবে।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
/শান্ত/
