জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ও জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই অবসর গ্রহণ বা নির্ধারিত বয়সসীমা পূর্ণ হলে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে জাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদ দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি জাবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
/শান্ত/
