জায়েদ খানের পাঠানো টাকা ফেরত দিলেন রিফাত চৌধুরী
হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। তবে সেই অর্থ শেষ পর্যন্ত গ্রহণ করেননি রিফাত চৌধুরী।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ খান একজন সাংবাদিকের মাধ্যমে রিফাতের জন্য ওই টাকা পাঠান। তবে টাকা পৌঁছানোর আগেই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এতে বিরক্ত হন রিফাত। পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই সাংবাদিক টাকা নিয়ে হাসপাতালে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরে বিষয়টি জানতে পারেন যে, তার চিকিৎসার জন্য জায়েদ টাকা পাঠিয়েছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও দুর্বলতায় ভুগছেন তিনি। ভর্তির পর কয়েক দিন মেঝেতে থাকার পর ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয় ১৯৮৪ সালে। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে। অভিনয়ে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রের পাশাপাশি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
/শান্ত/
