অবশেষে ছাড়পত্র পেলো সালমান খানের ‘মাতৃভূমি’, মুক্তি কবে?
বহু বিতর্ক, একাধিকবার নাম পরিবর্তন এবং দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে ছাড়পত্র পেলো বলিউড তারকা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে। এর ফলে সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তির পথ পরিষ্কার হলো।
সিনেমাটি প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিলো। তবে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও চীনবিরোধী তীব্র অবস্থানের কারণে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতে সিনেমাটির মুক্তি আটকে গিয়েছিলো। পরবর্তীতে সরকারি নির্দেশনায় সিনেমার চিত্রনাট্যে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং বেশ কিছু দৃশ্য নতুন করে ধারণ করা হয়। নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ দিয়ে দুই দেশের ইতিবাচক ও শান্তিপূর্ণ সম্পর্কের দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করে সিনেমাটিকে সবুজ সংকেত দেন।
সবুজ সংকেত পাওয়ার পর সালমান খান ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এখন সিনেমাটি মুক্তির নতুন তারিখ চূড়ান্ত করার কাজ করছে। আগামী ১৩ নভেম্বর দীপাবলি উৎসবের আবহে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন তাঁরা। খুব শিগগিরই সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের মধ্যে চূড়ান্ত সেন্সর অনুমতি পাওয়া গেলেই নভেম্বরের মাঝামাঝি সময়ে দর্শকরা সিনেমাটি বড় পর্দায় দেখতে পাবেন।
সালমান খান ফিল্মসের ব্যানারে সালমান খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটিতে সালমান খানের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
//আইই//
