স্কুলের ফি দিতে না পারা সেই ছাত্র আজ ৩ হাজার কোটির মালিক
স্কুলের ফি দিতে পারেননি। তাই চতুর্থ শ্রেণির সেই ছাত্রকে সারাদিন দাঁড় করিয়ে রাখা হয়েছিলো পতাকাদণ্ডের পাশে। অথচ যার ‘অপরাধ’ ছিলো ফি বকেয়া থাকা, সেই ছাত্রই আজ বলিউডের অন্যতম জনপ্রিয় ও ধনী অভিনেতা—সালমান খান।
শৈশবের সেই ঘটনা নিজেই শেয়ার করেছিলেন ‘ভাইজান’। ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে সালমান জানান, স্কুল থেকে ফেরার পথে তার বাবা তাকে ওই অবস্থায় দেখতে পান। কারণ জানতে চাইলে তিনি বলেন, ফি না দেওয়ার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
এরপর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন সালমানের বাবা। তখন তিনি বলেন, ‘ফি তো ওর দেওয়ার কথা না, আমার দেওয়ার কথা। আমি দিতে পারিনি এর জন্য আপনি তো আমার ছেলেকে শাস্তি দিতে পারেন না।’
এরপর ছেলেকে দেওয়া শাস্তির প্রতিবাদে সালমানের বাবা নিজেই রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
সেই স্কুলপড়ুয়া সালমান খানই পরবর্তী সময়ে বলিউডে গড়ে তোলেন দীর্ঘ সফল ক্যারিয়ার। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দাবাং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।
অভিনয়ের পাশাপাশি ‘বিগ বস’-এর সঞ্চালনা, বিজ্ঞাপন ও ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও যুক্ত তিনি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। বিভিন্ন প্রতিবেদনে অবশ্য এই সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি রুপিও উল্লেখ করা হয়েছে।
//আরএস//
