১২ বছর পরপর ফোটে যে বিরল ফুল
প্রায় ১২ বছর পরপর একসঙ্গে ফোটে নীলকুরুঞ্জি। ফুল ফোটার সময় ভারতের দক্ষিণাঞ্চলের পশ্চিমঘাটের কয়েকটি পাহাড়ি এলাকা বেগুনি-নীল রঙে ঢেকে যায়। বিরল এই ফুল দেখতে প্রতিবছর নয়, প্রকৃতিপ্রেমীদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়।
কেরালার মুন্নার নীলকুরুঞ্জি দেখার অন্যতম পরিচিত স্থান। ইরাভিকুলাম জাতীয় উদ্যানের রাজামালাই উপত্যকা ও কোভিলুর অঞ্চলে ফুলটির বিস্তীর্ণ উপস্থিতি দেখা যায়। পাহাড়ের ঢালে একসঙ্গে অসংখ্য ফুল ফুটলে পুরো এলাকা বেগুনি-নীল রঙে বদলে যায়।
তামিলনাড়ুর নীলগিরি পর্বতমালার সঙ্গেও নীলকুরুঞ্জির বিশেষ সম্পর্ক রয়েছে। ‘নীলগিরি’ শব্দের অর্থ নীল পাহাড়। ফুল ফোটার সময় পাহাড়ের ঢালে নীল-বেগুনি রঙ ছড়িয়ে পড়ার দৃশ্যের সঙ্গে নামটিরও মিল রয়েছে। উটি ও কোদাইকানালের বিভিন্ন পাহাড়ি পথেও নীলকুরুঞ্জি দেখা যায়।
নীলকুরুঞ্জির বিশেষত্ব এর ফুল ফোটার দীর্ঘ চক্র। সাধারণ মৌসুমি ফুলের মতো প্রতিবছর এর দেখা মেলে না। প্রায় ১২ বছর পরপর একটি নির্দিষ্ট চক্রে ফুল ফোটে। তবে সব এলাকায় একই সময়ে ফুল ফোটে না। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট এলাকার ফুল ফোটার সময় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
ফুল দেখতে গিয়ে গাছের ডাল ভাঙা, ফুল ছেঁড়া বা গাছ উপড়ে ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। সংরক্ষিত এলাকায় এসব কর্মকাণ্ড আইনত নিষিদ্ধও হতে পারে। পাশাপাশি পাহাড়ে কোনো ধরনের বর্জ্য না ফেলে প্রকৃতির এই বিরল সৌন্দর্য অক্ষত রাখার আহ্বান রয়েছে।
/শান্ত/
