যুক্তরাষ্ট্রে ফেসবুক-টিকটকের বিরুদ্ধে আইনি চাপ
যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার অভিযোগে ফেসবুক ও টিকটক আইনি চাপে পড়েছে। নিউ মেক্সিকোর একটি জুরি ফেসবুককে ভোক্তা সুরক্ষা-সংক্রান্ত ৪৩টি অঙ্গরাজ্য আইন লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত করেছে। একই দিনে আলাবামায় মামলা নিষ্পত্তিতে ১০ কোটি ডলারের সমঝোতায় রাজি হয়েছে টিকটক ও এর চীনা মূল কোম্পানি বাইটড্যান্স।
নিউ মেক্সিকোর মামলাটি কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ও ব্যবহারকারীদের তথ্য সুরক্ষাকে কেন্দ্র করে। অভিযোগ ছিলো, একটি ব্যক্তিত্ববিষয়ক কুইজের মাধ্যমে ফেসবুক প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে দিয়েছিলো। জুরিরা মনে করেন, পরবর্তী সময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে তথ্য সংগ্রহের বিষয়ে ফেসবুক ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছিলো।
মেটার মুখপাত্র অ্যালেক্স বার্গোস রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বলেছেন, কোম্পানির কার্যক্রম ও রেকর্ডকে বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে তারা নিজেদের অবস্থান তুলে ধরবে।
অন্যদিকে, আলাবামার মামলায় টিকটকের বিরুদ্ধে তরুণদের কাছে ক্ষতিকর কনটেন্ট পৌঁছানো এবং মার্কিন ব্যবহারকারীদের তথ্য নিয়ে চীনা সরকারের প্রবেশাধিকারের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়।
সমঝোতা অনুযায়ী, টিকটককে বয়স যাচাই ব্যবস্থা উন্নত করা, দৈনিক ব্যবহারসীমা দুই ঘণ্টায় রাখা এবং ১৫ মিনিট ব্যবহারের পর বিরতির ব্যবস্থা করতে হবে। আলাবামা ৪৫ দিনের মধ্যে অন্তত ১০ কোটি ডলার পাবে; নির্দিষ্ট শর্ত পূরণ হলে অর্থের পরিমাণ ৩০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
/শান্ত/
