বিষাক্ত মদপানে ১৯ জনের মৃত্যু
ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিষাক্ত মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির মোককচুং ও তুয়েনসাং জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনার কারণ অনুসন্ধান এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্রকে শনাক্ত করতে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করা হয়েছে।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, সন্দেহভাজন অবৈধ মদ পান করার পর মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকেই মদ নিষিদ্ধকরণ আইন কার্যকর রয়েছে। দীর্ঘ দিন ধরে আইনটি চালু থাকা সত্ত্বেও রাজ্যটিতে কিভাবে অবৈধ মদের দৌরাত্ম্য ছিলো, তা খতিয়ে দেখতেই এই তদন্ত শুরু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে গঠিত এই বিশেষ দলটি পুরো ঘটনাটি খতিয়ে দেখবে। এ বিষয়ে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে গুয়াহাটিতে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত জানানোর মতো সময় এখনও আসেনি।"
এই ঘটনার পর পরই পুলিশ বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ইতোমধ্যে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৩ হাজার বোতল বিষাক্ত মদ জব্দ করা সম্ভব হয়েছে।
//আইই//
