আজ ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
দেশজুড়ে দ্বিতীয় দফার বিশেষ হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও টিকা দেওয়া হবে।
এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার সকাল ৯টায় রাজধানীর বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে এপ্রিল থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি চালানো হয়। ওই কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ অর্জিত হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৮ লাখ ডোজ হামের টিকা মজুদ রয়েছে। ১০ শতাংশ ওয়েস্টেজ বাদ দিলেও প্রায় ৫২ লাখ ডোজ টিকা থাকবে।
