জ্বরে মুখ তেতো, খেতে পারেন টক ফল মাখা
ঘরে ঘরে এখন সর্দি-জ্বরের প্রকোপ। জ্বরে মুখের স্বাদ তেতো হয়ে গেলে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ টক ফল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাজারে থাকা আনারস, পেয়ারা ও আমড়া দিয়ে সহজেই তৈরি করা যায় মুখরোচক টক ফল মাখা।
এটি তৈরি করতে লাগবে আনারস কুচি এক কাপ, পেয়ারা কুচি এক কাপ, আমড়া কুচি এক কাপ, টেলে গুঁড়ো করা শুকনা মরিচ এক টেবিল চামচ, লাল চিনি দুই টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, কাসুন্দি দুই টেবিল চামচ ও দুটি লেবুপাতা।
প্রথমে আনারস, পেয়ারা ও আমড়ার খোসা ছাড়িয়ে কুচি করে নিতে হবে। এরপর একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। তৈরি হয়ে যাবে মজার টক ফল মাখা। এরপর বাটিতে নিয়ে কাঠি বা কাঁটা চামচ দিয়ে পরিবেশন করা যাবে।
/শান্ত/
