অল্প বয়সেই চুল পড়ছে? যে ৫ কারণে বাড়ছে টাকের ঝুঁকি
বয়স বাড়ার আগেই চুল পাতলা হয়ে যাওয়া বা মাথায় টাক পড়ে যাওয়ার সমস্যা এখন অনেকেরই। প্রতিদিন ১০০টির বেশি চুল পড়লে মাথা ফাঁকা হতে শুরু করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়সে চুল পড়ার পেছনে প্রধানত হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত মানসিক চাপ ও অনিদ্রা, পুষ্টির অভাব এবং দূষণ দায়ী।
পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন ‘ডাই-হাইড্রোটেস্টোস্টেরন’ বা ডিএইচটিতে রূপান্তর হলে চুলের ফলিকল ছোট হয়ে যায়। এতে চুল পাতলা হয়ে ঝরতে শুরু করে। আবার অতিরিক্ত স্ট্রেস থেকে ‘টেলোজেন এফ্লুভিয়াম’ তৈরি হয়ে হঠাৎ চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে।
চুল পড়া কমাতে খাবারে ডিম, মাছ, সোয়াবিন, পালং শাক ও বাদাম রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ধূমপান পরিহার এবং প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। কুমড়োর বীজ, গ্রিন টি ও আমলকী প্রাকৃতিক ডিএইচটি ব্লকার খাবার হিসেবেও উল্লেখ করা হয়।
চিকিৎসার ক্ষেত্রে রোগীভেদে চিকিৎসক খাওয়ার ওষুধ, চুল ঝরা বন্ধের লোশন ও শ্যাম্পু প্রেসক্রাইব করে থাকেন। আধুনিক চিকিৎসার মধ্যে মেসোথেরাপি ও পিআরপিও রয়েছে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত টাকের চিকিৎসায় সময় লাগে। তাই ধৈর্যের পাশাপাশি লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি।
//রুশা//
