পাচারের জন্য বাড়িতে আটকে রাখা ১৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের বিষয়ে জানতে পারে পুলিশ। চক্রটি সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশে বিভিন্ন এলাকার অসহায় ব্যক্তিদের ওই বাড়িতে জড়ো করেছিল।
পুলিশের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তারা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার উদ্দেশ্যে তাদের বিদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল।
পলাতক ও অজ্ঞাতনামা পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/শান্ত/
