গাজী সালাউদ্দিনের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’: কারা কর্তৃপক্ষ
কারাগার ও পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তবে তার অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে দাবি করেছে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ জানায়, বগুড়া জেলা কারাগার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তানভীরের ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি। কোনো কারা কর্মকর্তা-কর্মচারীও তার সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করেননি।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তানভীর অভিযোগ করেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। চিকিৎসার নামে তাকে অজ্ঞাত ওষুধ এবং ৭০ থেকে ৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তানভীর আরও দাবি করেন, বগুড়া জেলা কারাগারে তাকে অপরিচ্ছন্ন ও আলো-বাতাসহীন একটি সেলে রাখা হয়েছিলো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিলো। পাশাপাশি কারাগারে আওয়ামী লীগের নেতাদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কারা কর্তৃপক্ষ জানায়, কোনো বন্দিকে রাতে কারাগার থেকে বাইরে নিয়ে গিয়ে ভোরে ফিরিয়ে আনার মতো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি।
কর্তৃপক্ষ আরও জানায়, তানভীরের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা নির্ভরযোগ্য তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে।
//রুশা//
