যাত্রাবাড়ীতে গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ৩ নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১০-এর মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এই তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লাভলী বেগম (৩৬), টাঙ্গাইলের আমেনা (২৬) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবিনা (২৫)।
এসআরবি জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদক যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।
/শান্ত/
