গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন
গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিতে আশপাশের স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ডেগির চালা এলাকার ফকির মার্কেটসংলগ্ন মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে ২টা ৪৫ মিনিটে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিকাল তিনটার দিকে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়া রোধ ও তা নিয়ন্ত্রণে আনতে কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এছাড়া ভবনের ভেতর কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
// ইমরান//
