১২ বছর আগের ফেসবুক আইডি নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম
১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট নিয়ে ইসলামী ছাত্রশিবির গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ করেন হামিম। সেখানে তিনি কয়েকটি স্ক্রিনশটও যুক্ত করেন।
ওই স্ক্রিনশটগুলোতে বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে লেখা কিছু বক্তব্য দেখা যায়। এর আগে একই ফেসবুক আইডির কিছু স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে ইসলামী ছাত্রশিবিরের পক্ষে একসময় হামিম লিখতেন বলেও দেখা যায়।
আত্মপক্ষ সমর্থন করে দেওয়া স্ট্যাটাসে হামিম লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’
তিনি আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেওয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সাথে দেওয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’
ইংরেজিতে ‘CRY More’ লিখে স্ট্যাটাসটি শেষ করেন হামিম। তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’
//রুশা//
