জান্নাত লাভের জন্য যে দোয়াটি পড়বেন
জান্নাত লাভের আশায় একজন মুমিন আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে মেনে সন্তুষ্ট থাকার ঘোষণা দেন। এ বিশ্বাস প্রকাশের জন্য রয়েছে একটি সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ দোয়া।
দোয়া:
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
উচ্চারণ: রজীতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল-ইসলামি দীনান, ওয়া বি-মুহাম্মাদিন নাবিয়্যান।
অর্থ: আমি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ (সা.)-কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি এই কথাগুলো বলে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫২৯)
দোয়াটির গুরুত্ব শুধু মুখে উচ্চারণে নয়; এর মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি আনুগত্য এবং রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণের অঙ্গীকার প্রকাশ পায়।
আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার অর্থ তাঁর বিধান ও সিদ্ধান্তের ওপর আস্থা রাখা। ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণের অর্থ জীবনের সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনা অনুসরণ করা। আর মহানবী (সা.)-কে রাসুল হিসেবে মেনে নেওয়ার অর্থ তাঁর সুন্নাহ ও আদর্শকে জীবনের পথনির্দেশ হিসেবে গ্রহণ করা।
/শান্ত/
