ইন্দোনেশিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় চারে বাংলাদেশ
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম।
ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য বজায় রেখে খেলে বাংলাদেশ দল। রোমান সরকারের দলের হয়ে ১১তম মিনিটে প্রথম গোলটি করেন আমিরুল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
বিরতির পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ। ৩১তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন আমিরুল। এর ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান বাড়িয়ে ৩-০ করেন রাসেল মাহমুদ। ম্যাচের শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আওউলিয়া আল আরদ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিলো বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এটি তাদের টানা দ্বিতীয় জয়। ৪ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাধা পেরোনোর মিশনে আগামী সোমবার ভারতের মুখোমুখি হবে দলটি।
//আইই//
