ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?
সংগৃহীত ছবি
২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপ প্রকাশ হয়েছে। আগামী ২০২৭ সালের ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে শুরু হবে ১৪ দলের এই ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘ লড়াই শেষে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা পেয়েছে শক্তিশালী 'গ্রুপ বি'-তে।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে আসা একটি দল। টুর্নামেন্টের ১৪টি দল দু'টি পৃথক গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ নেবে।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহুকে নিজেদের প্রথম ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের। পরবর্তীতে ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। ডারবানে অবস্থান করে ১৬ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর সোয়েটোতে কোয়ালিফায়ার 'বি' দলের সঙ্গে লড়বে তারা।
ঘোষিত ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে প্রতি গ্রুপ থেকে সেরা ৩টি করে মোট ৬টি দল এবং দুই গ্রুপ মিলিয়ে চতুর্থ সেরা দলটি নিয়ে আয়োজিত হবে 'সুপার সেভেন' পর্ব। সেখান থেকে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর ২১ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
//আইই//
