বাংলাদেশ ফুটবল লিগ: ওয়ান্ডারার্সের জালে আবাহনীর ৫ গোল
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনীর হয়ে জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি। এছাড়া মঈন, মাইকেল বাবাতুন্দে ও আল আমীন একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি'র সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সিটি ক্লাব এবং আরামবাগ ও রহমতগঞ্জের ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আবাহনী। খেলার চতুর্থ মিনিটেই মঈনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ওকাচি। এর দুই মিনিট পর ইফতিয়ার হোসেনের ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানি মিডফিল্ডার মঈন। ম্যাচের ১৪ মিনিটে জাহিদের ভলিতে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলো ওয়ান্ডারার্স। তবে ৩৩ মিনিটে বাবাতুন্দেকে ফাউল করায় পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা এই ফুটবলার। ঘরোয়া ফুটবলে এটিই তাঁর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলো আকাশী-নীলরা। ম্যাচের ৭৬ মিনিটে আফোলাবির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ওকাচি। এর দুই মিনিট পর শেখ মোরসালিনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। যোগ করা সময়ে আল আমীনের গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আবাহনী। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এলো আবাহনী। আর দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানীতে রয়েছে ওয়ান্ডারার্স। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ পুলিশ এফসি।
এদিকে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে সাবেক ক্লাব ফর্টিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সিটি ক্লাবের ওনিয়েকাচি ওকাফোর। ওকাফোরের হ্যাটট্রিকে সিটি ক্লাব তিনবার এগিয়ে গেলেও প্রতিবারই সমতায় ফেরে ফর্টিস। ফর্টিসের হয়ে গোল তিনটি করেন মোহাম্মদ ইব্রাহিম, পা ওমর বাবু ও নরিকি আকান্দা। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দুই ম্যাচ শেষে ফর্টিস ও সিটি ক্লাবের সংগ্রহ ৪ পয়েন্ট।
গোপালগঞ্জ স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
//আইই//
