বিদেশি লিগে বাড়ছে বাংলাদেশিদের চাহিদা
একসময় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ও কাউন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিনিধিত্ব বলতে মূলত সাকিব আল হাসানকেই বোঝানো হতো। সেই চিত্র এখন বদলেছে। একাধিক তরুণ ক্রিকেটার নিয়মিতই জায়গা করে নিচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া লিগে।
পাকিস্তান সুপার লিগে নাহিদ রানা, ইংল্যান্ডের কাউন্টিতে হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ, লঙ্কা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয় এবং বিগ ব্যাশে রিশাদ হোসেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে অভিষেকেই মেহেদী হাসান মিরাজ ১৩ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। ইংল্যান্ডের কাউন্টিতেও কেন্টের হয়ে হাসান মাহমুদ ও খালেদ আহমেদের বোলিং আলোচনায় এসেছে।
সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে পেসার নাহিদ রানাকে ঘিরে। ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম এই তরুণকে দলে নিতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের একাধিক ফ্র্যাঞ্চাইজি আলোচনা করছে বলে জানা গেছে। এর মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের নামও রয়েছে।
/শান্ত/
