এক দিনেই ৬১ বিলিয়ন ডলার বাড়লো ইলন মাস্কের সম্পদ
বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও ১ লাখ কোটি বা ১ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে ঠেকেছে। গতকাল শুক্রবার (২ অক্টোবর) মাত্র এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার। ফোর্বসের রিয়েলটাইম বিলিয়নিয়ার্স তালিকার তথ্য অনুযায়ী, তাঁর মালিকানাধীন স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় এই বিপুল পরিমাণ সম্পদ বাড়লো।
বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন বা ৯৭ হাজার ৯৭০ কোটি ডলারে। গতকাল এক দিনে তাঁর যে পরিমাণ সম্পদ বেড়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকার সমান। এই অঙ্কটি চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় ৮০ শতাংশের সমপরিমাণ।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কয়েকটি মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করার পর স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৫৮ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৪ লাখ ৮৬ হাজার ৫৩২টি গাড়ি সরবরাহ করার জেরে টেসলার শেয়ারের দামও প্রায় ৫ শতাংশ বেড়ে ৩৭১ দশমিক ৩২ ডলারে উঠেছে। এই সরবরাহ বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব তৈরি করেছে।
ফোর্বসের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা ইলন মাস্কের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩৭০ দশমিক ৭ বিলিয়ন ডলার।
//আইই//
