আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে রাতের অন্ধকারে দু-একটি জায়গায় ককটেলবাজি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এই কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী, মাফিয়া শক্তি ও নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ আদালতের একটি রায়ের প্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দেওয়া হয়েছে। আজ দলটির দেওয়া ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে দু-একটি জায়গায় ককটেলবাজি করা হয়েছে।
হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে, যাত্রাবাড়ীর ঘটনায়ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় পার্ক করে রাখা পরিত্যক্ত কিছু বাসকে রাতে লক্ষ্য করে দু-একটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
// ইমরান//
