ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে পুলিশে দিলো ছাত্রদল
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এই সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং মনির নামে নিজের পরিচয় দেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার কোনো ধরণের সম্পৃক্ততা আছে কি-না তা জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদল একজনকে ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটকের পরে হয়তো মারধর করেছে। এখন ওনাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে।
// ইমরান//
