আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
কুমিল্লায় স্কুলছাত্র ইশতিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত করে এই পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের একজন সাইফুল ইসলাম তুহিন (১৯)। অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক। এই ঘটনায় আটক মো. সিয়াম (১৯) নামের আরেক তরুণের সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, গত রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের দায়ের করা হত্যা মামলায় এই ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন অপরাধ স্বীকার করেছে।
পুলিশ সুপার জানান, গত শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এই সময় তাদের সঙ্গে অপ্রতিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। ফাহাদ ও কামরুল লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর অপ্রতিমের আইফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল ছাড়ে।
// ইমরান//
