‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রচলিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম পরিবর্তনের পাশাপাশি ‘এআই ফোর্স’ নামে একটি নতুন বিশেষ সামরিক কাঠামোর ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই খাতের তদারকিতে শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
আমি এআই ফোর্স গঠন করছি। প্রথম মেয়াদে যেমন স্পেস ফোর্স গঠন করেছিলাম, এটিও তেমন হবে। স্পেস ফোর্স ব্যাপক সফলতা পেয়েছে। এই উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে আমি এআই জার নিয়োগের ঘোষণা দেব। যাদের আইকিউ অনেক বেশি, শুধু তারাই আবেদন করবেন!
- সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প
বিশ্বজুড়ে এআই নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের একাধিক ব্যক্তি এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন এবং আরও ধীরগতিতে এটির বিকাশ বা উন্নয়নের কথা বলেছেন। এই কথা মানতে নারাজ ট্রাম্প। তিনি চান, এআইয়ের আরও দ্রুত বিকাশ হোক।
বছরের পর বছর এই ধরনের অনেক গুজব ছড়ানো হয়েছে। এগুলো সবই উগ্র বামপন্থী ডেমোক্র্যাটদের তৈরি। এর উদ্দেশ্য আমাদের দেশকে ধ্বংস করা। এ ধরনের সর্বশেষ ধাপ্পাবাজি হলো, এই প্রযুক্তি নিয়ে নানা আশঙ্কার কথা বলে এআইকে ধ্বংস বা বিলুপ্ত করার জন্য উঠেপড়ে লাগা।
- ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের এই অবস্থান নেওয়ার একটি বড় কারণ হিসেবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এআইয়ের দ্রুত বিকাশ না হলে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন এ প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে।
// ইমরান//
