প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহ চলে গেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক বলে জানা গেছে।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহ ও ওই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তারা জানতেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের সন্ধান শুরু করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যা পরিবারের সঙ্গে শাহরাস্তি থানায় উপস্থিত হন।
প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়টি আমাদের নজরে আসে। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।’
এদিকে অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ঘটনার বিষয়ে অভিযোগের সত্যতা ও তাদের অবস্থান সম্পর্কে পুলিশের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
//রুশা//
